আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে একটি ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ফার্মেসিতে ফিজিশিয়ান ওষুধ সরবরাহের অভিযোগে এসিআই কোম্পানির এক প্রতিনিধিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা শহরের ৭১ মোড় পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মেসার্স জাতীয় কল্যাণ ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। এ সময় চুয়াডাঙ্গা ঔষধ প্রশাসনের কর্মকর্তা ইকরামুল করিম এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। অভিযানকালে মেসার্স জাতীয় কল্যাণ ফার্মেসিতে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ওই ফার্মেসি থেকে এসিআই কোম্পানির ফিজিশিয়ান ওষুধ উদ্ধার হওয়ায় কোম্পানিটির প্রতিনিধি রুবেল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ফার্মেসি মালিক ও ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।