নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল স্থলবন্দরের উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসান জোয়াদ্দারকে লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে অফিস থেকে বাড়ি ফেরার পথে বন্দরের আবাসিক এলাকার পাশে এ হামলার ঘটনা ঘটে। মুখোশধারী কয়েকজন তার পথ রোধ করে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেন্ডারসংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। বন্দরের একজন কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মস্থলে যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত ও জড়িতদের গ্রেফতারে মাঠপর্যায়ে কাজ করছে।