Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের ৮ উপজেলায় ৭৪৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হচ্ছে

এখন সময়: শনিবার, ২৪ অক্টোবর , ২০২৬, ০৪:৪৭:০০ এম
যশোরের ৮ উপজেলায় ৭৪৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম আনন্দময় সম্মিলন ও সম্প্রীতির উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ৬টায় দেবীর বোধন এবং বিকেল ৫টায় পূজা আরম্ভ হয়ে আগামী ২১ অক্টোবর মঙ্গলবার বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় লালদীঘির পাড়স্থ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান- মন্দির ও মণ্ডপে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা, আলোকবিন্যাস এবং পূজার উপকরণ সংগ্রহের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ বছর যশোর জেলার আটটি উপজেলায় মোট ৭৪৬টি মন্দির ও মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১৭০টি, মণিরামপুরে ১০৩টি, অভয়নগরে ১৩৩টি, কেশবপুরে ১০২টি, বাঘারপাড়ায় ৯২টি, ঝিকরগাছায় ৬১টি, চৌগাছায় ৫৩টি এবং শার্শা উপজেলায় ৩২টি মন্দির ও মণ্ডপ রয়েছে। নিরবচ্ছিন্ন নিরাপত্তা ও যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলগুলোর সাথে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মণ্ডপগুলোতে নারী ও পুরুষের জন্য আলাদা যাতায়াত পথ, বিকল্প আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা এবং স্থানীয় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আনসার সদস্যরা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দর্শনার্থী ও সাধারণ মানুষের সুবিধার্থে লালদীঘি পুকুরপাড়ে পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মন্দির কমিটির মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে। পাশাপাশি যশোর পৌরসভার প্রশাসকের সাথে বৈঠকের মাধ্যমে বিসর্জনের আয়োজনও নির্বিঘ্ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)