Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় বেতনস্কেল ও সুযোগ-সুবিধার দাবিতে যশোরে গ্রাম পুলিশের স্মারকলিপি

এখন সময়: শনিবার, ২৪ অক্টোবর , ২০২৬, ০৪:৪৭:৩২ এম
জাতীয় বেতনস্কেল ও সুযোগ-সুবিধার দাবিতে  যশোরে গ্রাম পুলিশের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতনস্কেল, রেশন এবং অন্যান্য বাহিনীর ন্যায় সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, যশোর জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান সরকার কাঠামোর সবচেয়ে নিচের স্তরে দেশের প্রায় ৪৫ হাজার ৮১০ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করে আসছেন। এক অর্থে তারা যেমন বাহিনী হিসেবে স্বীকৃত, তেমনি ইউনিয়ন পরিষদের কর্মচারীও বটে। তবে বর্তমান ঊর্ধ্বগতির বাজারে একজন দফাদারের মাসিক বেতন মাত্র ৮ হাজার টাকা এবং মহল্লাদারের বেতন ৭ হাজার ৫০০ টাকা, যা দিয়ে পরিবার-পরিজন নিয়ে দিনাতিপাত করা অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে। এছাড়া অবসর ও মৃত্যুকালীন সময়ে একজন দফাদার ৮০ হাজার টাকা এবং মহল্লাদার মাত্র ৭০ হাজার টাকা পেয়ে থাকেন। এতে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও গ্রাম পুলিশ বাহিনী একই পরিষদের কর্মচারী হওয়া সত্ত্বেও গ্রাম পুলিশরা থোক বরাদ্দ থেকে সামান্য এই বেতন পেয়ে থাকেন, যা অত্যন্ত দুঃখজনক ও বৈষম্যমূলক। বিগত সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে সরকারি বিধিমোতাবেক গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়। অথচ একই নিয়োগ বিধিমালার আলোকে নিয়োগপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীগণ সরকারি জাতীয় স্কেলে বেতন পেলেও গ্রাম পুলিশরা তা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে এ নিয়ে গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বর্তমান জনবান্ধব সরকারের কাছে অসহায় গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় বেতনস্কেল, রেশন এবং অন্যান্য বাহিনীর ন্যায় সব সুযোগ-সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি ইব্রাহিম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)