ফরহাদ খান, নড়াইল : নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়া পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি কি-বোর্ড, ছয়টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ১৯টি সিমকার্ড জব্দ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল ও এসআই তোফায়েল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শনিবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম মারুফ শেখের ছেলে সোহানুর রহমান সোহেল (৩২), একই গ্রামের শামসুর শেখের ছেলে ইয়ামিন শেখ (৩৮), কালিয়া উপজেলার খড়রিয়া উত্তরপাড়ার হেদায়েত ইসলামের ছেলে রিফাত হোসেন (৩৫) এবং নড়াইল সদর উপজেলার কলোড়া গ্রামের কাশেম আলীর ছেলে মুসা কাজিম বকুল আলী (৩২)। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা গত এক থেকে দুই বছর ধরে ফেসবুকে বিভিন্ন নামে পেজ খুলে অনলাইন প্রতারণা চালিয়ে আসছিলেন। এসব পেজের মধ্যে রয়েছে ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘মিশরীয় মুরগি সেল বাজার’, ‘বেবি বাইক সপ বিডি’, ‘মাই মোবাইল শপ’, ‘কলম প্যাকেজিং জব’ ও ‘ইলেকট্রনিক ফ্যান’সহ আরও কয়েকটি পেজ। অভিযোগ রয়েছে, এসব ফেসবুক পেজে আকর্ষণীয় ও চটকদার বিজ্ঞাপন দিয়ে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ এবং বিভিন্ন অনলাইন কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখানো হতো। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ক্রেতারা যোগাযোগ করলে অগ্রিম টাকা নেওয়া হতো। পরে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করে গ্রাহকদের টাকা আত্মসাৎ করা হতো বলে জানিয়েছে পুলিশ। নড়াইল জেলা ডিবি পুলিশের ওসি মো. আলাউদ্দীন জানান, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা ল্যাপটপ, কি-বোর্ড, মোবাইল ফোন ও সিমকার্ডের পৃথক জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ডিভাইস অনলাইন প্রতারণা ও জুয়া-সংক্রান্ত কার্যক্রমে ব্যবহার করা হতো।