পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল গড়ইখালীতে অবস্থিত শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রধান ফটক শিকল দিয়ে পেঁচিয়ে তালাবদ্ধ করে রেখে খুলনা জেলা ছাত্রলীগের ধর্মঘট লেখা একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। ৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। কলেজ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কলেজের প্রধান ফটকে নতুন একটি শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। পরে ফটকে নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা ছাত্রলীগের ধর্মঘট লেখা একটি পোস্টার দেখা যায়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে কলেজের প্রধান ফটক খুলে দেয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ বলেন, সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় কে বা কারা কলেজের প্রধান ফটকে নতুন একটি শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে চলে যায়। বিষয়টি জানার পর আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে তালা ভেঙে ফটক খুলে দেয়। এ বিষয়ে বাইনবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ খায়রুল আলম বলেন, কলেজ কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত ওসি শেখ আব্দুল আওয়াল কবির বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তদন্ত চলছে। নিষিদ্ধ ছাত্রলীগের যে কোনো কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।