পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ২য় ধাপে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এবং ট্যাব বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ, সদস্য সচিব এস এম ইমদাদুল হক এবং পৌর সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১০ ও ১১ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে উপজেলার পৌরসভা এবং হরিঢালী, সোলাদানা, লস্কর, গদাইপুর ও চাঁদখালী ইউনিয়নের মোট ৬ জন সুপারভাইজার ও ৫৪ জন তথ্য সংগ্রহকারীর মাঝে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় ট্যাব বিতরণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মিরাজুল ইসলাম মিরাজ, ইউনূস মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কাজ শুরু করবেন।