কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শান্তি ও অগ্রগতি কামনায় মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির সালমান রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম।