নিজস্ব প্রতিবেদক : বাঘারপাড়ায় গভীর রাতে বসতবাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে এখনো তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো আসামিদের হুমকি ও ভয়ভীতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী মরিয়ম বেগম। বর্তমানে তিনি আসামিদের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে অভিযোগ করেছেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে বাঘারপাড়া উপজেলার তৈলকূপ গ্রামে মরিয়ম বেগমের বসতবাড়ির গেটের তালা খুলে কয়েকজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় বাদীর ঘুম ভেঙে গেলে দুবত্তরা তার মুখ চেপে ধরে এবং অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়। পরে গামছা দিয়ে তার হাত-মুখ বেঁধে ফেলে। মরিয়ম বেগমের গোঙানির শব্দ শুনে পাশের ঘর থেকে তার পুত্রবধূ এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে রাখা হয়। দুর্বত্তরা মরিয়ম বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ হাজার ৫০০ টাকা এবং ঘরের স্টিলের বাক্স ভেঙে প্রায় ২ ভরি ১১ আনা ওজনের স্বর্ণালংকার লুট করে। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা। পরে বসতবাড়ির পাশের মুদিদোকানের ক্যাশবাক্স থেকে ১ হাজার ৫০০ টাকা ও ১ হাজার ২০০ টাকার সিগারেট নিয়ে যায়। এ ছাড়া বাদীর পুত্রবধূর ঘর থেকে ১৬ হাজার টাকা মূল্যের একটি সিম্ফনি মোবাইল ফোন এবং ৩ হাজার টাকা মূল্যের একটি বিদেশি টর্চলাইট লুট করে দুর্বৃত্তরা। সব মিলিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুটের পরিমাণ প্রায় ৭ লাখ ৪২ হাজার ২০০ টাকা। এ ঘটনায় মরিয়ম বেগম বাদী হয়ে দুইজনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি আদালতে মামলা করেন। আসামিরা হলো একই গ্রামের নাজমুল ইসলাম ও আকাশ মোল্লা। যশোর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক বাবলা দাস মামলার তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে গত ১৭ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। আদালতের বিচারক তদন্ত প্রতিবেদনের উপর শুনানি শেষে প্রতিবেদন গ্রহণ করে আসামিরেদ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। পরোয়ানা জারির পরও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ বাদীপক্ষের। বাদীর অভিযোগ, আসামিরা মামলা করার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। আসামিদের ভয়ে বসতবাড়ি ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হচ্ছেন তিনি। এ অবস্থায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করে আসামিদের দ্রুত গ্রেফতার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মরিয়ম বেগম।