Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে প্রাথমিকের ৯৬ শতাংশের বেশি পাঠ্যবই পৌঁছেছে : ডিসেম্বরের মধ্যে মিলবে বাকি বই

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৮:২৪:৩৪ পিএম
যশোরে প্রাথমিকের ৯৬ শতাংশের বেশি পাঠ্যবই পৌঁছেছে : ডিসেম্বরের মধ্যে মিলবে বাকি বই

মিরাজুল কবীর টিটো : নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে যশোরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছানোর কার্যক্রম এখন শেষ পর্যায়ে। জেলার আট উপজেলায় মোট চাহিদার ৯৬ দশমিক ১৪ শতাংশ বই ইতোমধ্যে এসে পৌঁছেছে। বাকি ৩ দশমিক ৮৬ শতাংশ বই চলতি ডিসেম্বরের মধ্যেই চলে আসবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। ফলে আগামী নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পূর্ণ প্রস্তুতি নিতে পারছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য এবার মোট ১১ লাখ ৯৫ হাজার ৩৮৬টি বইয়ের চাহিদা রয়েছে। এর বিপরীতে ইতোমধ্যে ১১ লাখ ৪৯ হাজার ২৯০টি বই নির্ধারিত গন্তব্যে পৌঁছে গেছে। বর্তমানে মাত্র ৪৬ হাজার ৯৬টি বই আসা বাকি রয়েছে। উপজেলাভিত্তিক বই প্রাপ্তির চিত্র পর্যালোচনায় দেখা গেছে, এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে চৌগাছা ও বাঘারপাড়া উপজেলা। এই দুই উপজেলার প্রতিটিতেই চাহিদার শতভাগ বই পৌঁছে গেছে। এর মধ্যে চৌগাছায় ৯৭ হাজার ২৭২টি এবং বাঘারপাড়ায় ৮০ হাজার ৩৫২টি বইয়ের শতভাগই ইতিমধ্যে এসে পৌঁছেছে। এ ছাড়া অভয়নগর উপজেলায় চাহিদার ৮৫ হাজার ৭৭টি বইয়ের মধ্যে পৌঁছেছে ৮৫ হাজার ৬৭টি, যেখানে বাকি রয়েছে মাত্র ১০টি বই। কেশবপুরে ৯৮ হাজার ৫২৮টি বইয়ের মধ্যে এসেছে ৯৮ হাজার ৫১৮টি এবং বাকি রয়েছে ১০টি। ঝিকরগাছায় ১ লাখ ২৮ হাজার ৩৭টি বইয়ের মধ্যে পৌঁছেছে ১ লাখ ২৭ হাজার ৯০৮টি, বাকি রয়েছে ১২৯টি। শার্শা উপজেলায় ১ লাখ ৬০ হাজার ৯৭৭টি বইয়ের বিপরীতে এসেছে ১ লাখ ৬০ হাজার ৯৬৫টি, যেখানে মাত্র ১২টি বই আসা বাকি রয়েছে। অন্যদিকে মণিরামপুর ও যশোর সদর উপজেলায় তুলনামূলকভাবে কিছু বই আসা এখনো বাকি রয়েছে। মণিরামপুরে চাহিদার ১ লাখ ৭৮ হাজার ৮৫৭টি বইয়ের মধ্যে এসেছে ১ লাখ ৬৪ হাজার ৫০৯টি; অর্থাৎ ১৪ হাজার ৩৪৮টি বই বাকি আছে এবং এখানে বই প্রাপ্তির হার ৯১ দশমিক ৯৮ শতাংশ। অপরদিকে জেলার আট উপজেলার মধ্যে সবচেয়ে কম বই পৌঁছেছে যশোর সদর উপজেলায়। এই উপজেলায় ৩ লাখ ৬৮ হাজার ২৮৬টি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে ৩ লাখ ৩৬ হাজার ৭০০টি এবং বাকি রয়েছে ৩১ হাজার ৫৮৬টি বই। সদর উপজেলায় বই প্রাপ্তির হার ৯১ দশমিক ৪২ শতাংশ। সার্বিক বিষয়ে জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবীর জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ডিসেম্বরের আগেই বেশির ভাগ বই চলে এসেছে। বাকি বইগুলোও নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই শিক্ষা অফিসগুলোতে পৌঁছে যাবে। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই বাকি বইগুলো হাতে চলে আসলে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই নিয়ে আনন্দচিত্তে তাদের শ্রেণি কার্যক্রম শুরু করতে পারবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)