ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ‘ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’এর ভুল ও খামখেয়ালি রিপোর্টের কারণে চরম ঝুঁকিতে পড়েছেন দুর্ঘটনায় আহত ভ্যান চালক সঞ্জিত মন্ডল। এক্সরে প্লেটে স্পষ্ট হাড় ভেঙে যাওয়ার প্রমাণ থাকলেও ক্লিনিকটির ডায়াগনস্টিক রিপোর্ট বলছে রোগীর কোনো সমস্যা নেই, রিপোর্ট সম্পূর্ণ নরমাল । ভুক্তভোগীর ছেলে সুরজিৎ মন্ডল জানান, সম্প্রতি ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় তার বাবা সঞ্জিত মন্ডল দুর্ঘটনাজনিত কারণে আঘাত পান। এর পর গত ২ নভেম্বর সোমবার বিকেলে ৪টার দিকে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ডুমুরিয়ার স্থানীয় ‘ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’এ নেওয়া হয়। সেখানে ক্লিনিকের নিয়ম অনুযায়ী তার এক্স’রে করানো হয়। পরবর্তীতে ওই ক্লিনিকের রিপোর্টার ডাঃ সুমি দত্ত স্বাক্ষরিত এক্স’রে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সঞ্জিত মন্ডলের কোনো হাড় ভাঙেনি এবং রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক বা নরমাল । কিন্তু ওই রিপোর্ট নিয়ে সন্দেহ থাকায় ভুক্তভোগী সঞ্জিত মন্ডল ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. পলাশ কুমার মন্ডল এর কাছে যান। এক্স’রে রিপোর্ট ও প্লেট পর্যবেক্ষণের পর ডা. পলাশ কুমার মন্ডল জানান, ফাতেমা ক্লিনিক থেকে দেওয়া লিখিত রিপোর্টটিতে নরমাল উল্লেখ করা হলেও মূলত এক্স’রে প্লেটটি ভালোমতো পর্যালোচনা করলে স্পষ্ট দেখা যায় যে, রোগীর শরীরের বাপ হাতের কবজির দুটি হাড় ও বুকের বাপ পাশের দুই তিন টি হাড় ভেঙে গেছে। চিকিৎসক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, ফাতেমা ক্লিনিকের ওই ডায়াগনস্টিক রিপোর্টটি সম্পূর্ণ ভুল ছিল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান বলেন- ইতোমধ্যে আমি ঘটনাটি শুনেছি এক্স’রে রিপোর্ট ভুল আছে কিনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ভাঙা ধরা না পড়ে যদি অবহেলাজনিত কারণে স্বাভাবিক চিকিৎসা চলতে থাকে, তবে রোগীর বড় ধরনের স্থায়ী শারীরিক ক্ষতি বা মারাত্মক ঝুঁকি হতে পারে। এ বিষয়ে এক্স’রে প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসক সহকারী অধ্যাপক রেডিওোলজি অ্যান্ড ইমেজিং বিভাগ কর্মরত বারডেম জেনারেল হাসপাতাল ঢাকা ডাঃ সুমি দত্ত এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। অন্যদিকে এ বিষয়ে ‘ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’এর স্বত্বাধিকারী সবুর খান বলেন- রিপোর্ট ভুল হয়েছিল কিন্তু এখন সংশোধন করে রিপোর্ট তৈরি করে দিচ্ছি। স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বেও এই ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়া, অপচিকিৎসা এবং নানা অনিয়মের বহু অভিযোগ রয়েছে। কিন্তু কঠোর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা বারবার এমন দায়িত্বহীন কাজ করার সাহস পাচ্ছে। সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে গিয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এবং জীবন ঝুঁকিতে পড়ছে। অবিলম্বে এই ভুলের সাথে জড়িতদের এবং ফাতেমা ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।