কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আধারে চিত্রা নদী থেকে মাটি কাটার মহোৎসব চলছে। দিনের আলো শেষেই অন্ধকার নেমে এলে শুরু হয় যন্ত্র দানব ভেকুমেশিন দিয়ে মাটি কাটার হিড়িক। গভীর রাত পর্ষন্ত উপজেলার তত্বিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়াসহ বেশ কয়েকটি গ্রামের নদী থেকে একটি সিন্ডিকেট নদীর মাটি কাটছে। এ মাটি ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করে স্থানীয় ভাটাসহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। গভীর রাতে ট্রাক্টরের বিকট শব্দে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও পাওয়া যায়না প্রতিকার। অভিযোগ রয়েছে একটি সিন্ডিকেট প্রশাসনকে ম্যানেজ করে মাটি কাটছে। নাম প্রকাশে অনিচ্ছুক মালিয়াট ইউনিয়নের গ্রামবাসিরা জানায়, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি এই মাটি কাটা ব্যবসার সাথে জড়িত। ওই সিন্ডিকেটের সদস্য জামাল বিশ্বাস নামের এক ব্যক্তির মাধ্যমে স্থানীয় মর্ডান ভাটা প্রায় দুইশ ট্রাক্টর গাড়ি মাটি কিনেছে। এলাকার প্রভাবশালীরা ওই মাটি কাটা সিন্ডিকেট পরিচালনা করে আসছেন বলে অভিযোগ। এদের মধ্যে আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীসহ কতিপয় প্রভাবশালী ব্যক্তিও জড়িত রয়েছে। তাদের মধ্যে হোসেন মুন্সী, আব্দুল মজিদ, মহিলা মেম্বারের ছেলে নাজমুল, সাজ্জাদ, বাবু, মাসুদ রানা, সোহান ও জাকির হোসেন একাধিক ব্যক্তি মাটি ব্যবসার সিন্ডিকেটের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন আলী মুন্সি সাংবাদিকদের জানান, আমি মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করি। এসব মাটির ব্যবসার মধ্যে নেই। অপর আরেক প্রার্থী আব্দুল মজিদ জানান, মাটির ব্যবসার সাথে তিনি কখনোই জড়িত নেই বা প্রশ্নই উঠে না। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন, তাই এক শ্রেণির মানুষ সুনাম নষ্ট করার জন্য অপপ্রচার ছড়াচ্ছে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, রাতে নদী থেকে মাটি কাটা হচ্ছে এমন বিষয়টি তিনি শুনেছেন। তার জনবল সমস্যায় রাতে মাটি কাটা প্রতিরোধে ব্যবস্থা নিতে অসুবিধা হচ্ছে। এ বিষয়টি তিনি জেলা মিটিংয়ের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এছাড়াও তিনি ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, দিনের বেলায় কেউ মাটি কাটলে মোবাইল কোর্ট করবেন।