নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ধারক যশোর জেলা আইনজীবী সমিতি এবার প্রবেশ করল ডিজিটাল যুগে। নিজস্ব ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে সমিতির তথ্য ও কার্যক্রমকে আনা হয়েছে অনলাইন ব্যবস্থাপনায়। পূর্ণাঙ্গ অটোমেশন ও মেম্বার পোর্টাল চালু করেছে। এর মাধ্যমে অনলাইনে ওকালতনামা, সদস্য চাঁদা, কল্যাণ তহবিল, চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ, রশিদ ডাউনলোড, লাইব্রেরি ব্যবস্থাপনা এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সেবা পাওয়া যায়। সংশ্লিষ্টদের দাবি, এ উদ্যোগের মধ্য দিয়ে যশোর জেলা আইনজীবী সমিতি দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করল। রোববার (১৫ নভেম্বর) যশোর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এইচ সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী কাজী ফরিদুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, ওয়েবসাইট তৈরি কমিটির আহ্বায়ক বাসুদেব বিশ্বাস প্রমুখ। সমিতির নতুন ওয়েবসাইটের ঠিকানা িি.িলধংযড়ৎবনফধ.ড়ৎম.নফ। এই ওয়েবসাইটে প্রবেশ করলেই পাওয়া যাবে যশোর জেলা আইনজীবী সমিতির বিভিন্ন তথ্য ও কার্যক্রম। ফলে সমিতির পরিচিতি, ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্য জানতে আর সরাসরি কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনেই এসব তথ্য পাওয়ার সুযোগ তৈরি হলো। ডিজিটালাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সমিতির আর্থিক ব্যবস্থাপনায় পরিবর্তন। এতদিন সমিতির বিভিন্ন ফি ও অর্থ নগদে গ্রহণের যে প্রচলিত ব্যবস্থা ছিল, তা থেকে বেরিয়ে আসছে সংগঠনটি। নতুন ব্যবস্থায় সমিতির নির্ধারিত অর্থ সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে। এতে নগদ অর্থ গ্রহণ ও সংরক্ষণের ঝামেলা কমবে। পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহি ও হিসাব সংরক্ষণ আরও সহজ হবে। এ উদ্যোগের ফলে সমিতির সদস্যদের অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া সহজ হবে। প্রতিটি লেনদেন ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসায় আর্থিক ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যশোর জেলা আইনজীবী সমিতির রয়েছে দীর্ঘদিনের ইতিহাস ও গৌরবময় ঐতিহ্য। এ অঞ্চলের বিচারব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে আইনজীবীরা ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছেন। এই সমিতির সদস্য ছিলেন উপমহাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব যদুনাথ মজুমদার, মাইকেল মধুসূদন দত্ত ও খান বাহাদুর লুৎফর রহমান। তাদের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের সম্পৃক্ততা যশোর জেলা আইনজীবী সমিতির ইতিহাস ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহু খ্যাতিমান আইনজীবী এ সমিতির সঙ্গে যুক্ত থেকে বিচারাঙ্গন ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উপমহাদেশের বিচারব্যবস্থার বিকাশের ইতিহাসও এ ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। ১৬৯৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা গ্রামের জমিদারি লাভ করে। ১৭২৭ সালে কলকাতায় মেয়র কোর্ট প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্রিটিশ শাসনামলে প্রাতিষ্ঠানিক বিচারব্যবস্থার বিকাশে নতুন অধ্যায় সূচিত হয়। পরবর্তী সময়ে এ অঞ্চলেও আদালত ও আইন পেশার বিস্তার ঘটে। সেই দীর্ঘ বিচারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় যশোরের আইনজীবী সমাজ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। একদিকে শত বছরের বিচারিক ঐতিহ্য, অন্যদিকে তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনা-এই দুইয়ের সমন্বয়ে নতুন পথচলা শুরু করল যশোর জেলা আইনজীবী সমিতি। ওয়েবসাইট চালু এবং ব্যাংকভিত্তিক আর্থিক লেনদেনের উদ্যোগ শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং সমিতির প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার পদক্ষেপ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডিজিটাল ব্যবস্থার ফলে আইনজীবী সদস্যরা সহজে প্রয়োজনীয় তথ্য ও সেবা পাবেন। পাশাপাশি সমিতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অবদানও অনলাইনে সংরক্ষিত থাকবে। দীর্ঘ ঐতিহ্যের এই প্রতিষ্ঠান প্রযুক্তির ব্যবহারে দেশের অন্যান্য আইনজীবী সমিতির জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।