কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে বারোবাজার রেলস্টেশনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে স্টেশন মাস্টারের কক্ষের দরজা লক্ষ্য করে এসব বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কক্ষে স্টেশন মাস্টারসহ তিনজন কর্মচারী অবস্থান করলেও দরজা বন্ধ থাকায় তাদের কোন ক্ষতি হয়নি। স্টেশনকর্মীদের ভাষ্য- মুখে কাপড় বেধে কয়েকজন যুবক এসে এ ঘটনা ঘটিয়েছে। বারোবাজার রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনি দেবদাস জানান, রাত তিনটার দিকে একটি মালবাহী ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পর তাঁরা স্টেশন মাস্টারের অফিস কক্ষে অবস্থান করছিলেন। স্টেশনে পর্যাপ্ত আলো ও নিরাপত্তাকর্মী না থাকায় তাঁরা দরজা বন্ধ করে ভেতরে ছিলেন। এ সময় কয়েকজন যুবক অফিসকক্ষের সামনে এসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, দরজার ছিদ্র দিয়ে যতটুকু দেখা গেছে, হামলাকারীদের গায়ে গেঞ্জি ছিল এবং মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তবে তারা কোনো স্লোগান দেয়নি। ঘটনার পরপরই স্থানীয় বারোবাজার পুলিশ ক্যাম্পে ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ অন্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় আওয়ামী লীগের একজন সাবেক চেয়ারম্যান বারোবাজারের একটি দোকানে বসে হুমকি সূচক ফাঁকা আওয়াজ করে চলে যান। তাঁর ধারণা, ওই সাবেক চেয়ারম্যানের নির্দেশে এ ঘটনা ঘটতে পারে। দিনের বেলায় নাশকতার সুযোগ না পেয়ে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে এ হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।