মিরাজুল কবীর টিটো : যশোর জেলায় ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির ক্ষেত্রে সঠিকভাবে তথ্য যাচাই-বাছাই করে উপকারভোগী নির্বাচন করতে সমাজসেবা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। যাতে কোনো অনুপযুক্ত ব্যক্তি তালিকাভুক্ত হতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে কালেক্টরেটের সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নের আগে প্রত্যেক উপকারভোগীর তথ্য যথাযথভাবে যাচাই করতে হবে। প্রকৃত সুবিধাভোগীরা যেন এ কর্মসূচির আওতায় আসেন, তা নিশ্চিত করতে হবে। কোনো ভুল বা অনিয়মের মাধ্যমে অযোগ্য ব্যক্তি যেন তালিকাভুক্ত হতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে জেলার প্রতিটি সরকারি দপ্তরে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সরকারি দপ্তরের নিরাপত্তা জোরদারে নাইট গার্ডদের নির্ধারিত পোশাক পরিধান করে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম বলেন, বর্তমানে জেলায় তার চুরির ঘটনা বেড়েছে। মাদকসেবীরা এসব চুরির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে শহরে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে। বিশেষ করে জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, শহরের গরীব শাহ মাজারের সামনে থেকে দড়াটানা পর্যন্ত সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ডিভাইডারে রং করার কাজ চলছে। সেখানে আলোকসজ্জার কাজও শুরু করা হবে। এ ছাড়া শহরের যানজট নিরসনে প্যারিস রোডের ভ্রাম্যমাণ দোকানদারদের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা বলেন, জেলায় সড়ক সংস্কারের কাজ জোরেসরে চলছে। অন্যান্য দাপ্তরিক কার্যক্রমও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, জলাবদ্ধতা কমে যাওয়ায় ভবদহ অঞ্চলে আগের তুলনায় ধানের আবাদ বেড়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামীতে এ অঞ্চলে ধানের আবাদ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও উন্নয়ন অগ্রগতি তুলে ধরে বক্তব্য দেন।