নিজস্ব প্রতিবেদক : যশোর এমএসটিপি গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তি অর্জনকারী ২৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। তিনি বলেন, পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না, এর পাশাপাশি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিম, সহকারী শিক্ষক বীথিকা দে, মিজানুর রহমান ও সুখিয়া শারমিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা। আলোচনা শেষে ২৭ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮ জন এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তি অর্জনকারী ৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী ২৫ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।