শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও স্বর্ণসহ প্রায় এক’শ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ এবং ১৫৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) বিজিবি এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের সাতটি ব্যাটালিয়নের অভিযানে ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ১৫৪ জনকে আটক করা হয়েছে। আটক পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজির বেশি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় বিভিন্ন পণ্য। একই সময়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) শার্শা ও চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে। এসব ঘটনায় আটক করা হয়েছে আটজনকে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিশাল সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করছে। সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত রিজিয়নভুক্ত সাতটি ব্যাটালিয়নের অভিযানে ৯ কেজি ৩৪৯ গ্রাম স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি ছাড়াও ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ কেজি ৪২৮ গ্রাম হেরোইন, ১৮৯ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৩১১ পিস ইয়াবা, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল এবং ৭ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। এ ছাড়া ২১ হাজার ৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ভারতীয় বিভিন্ন ধরনের ৩ লাখ ১৬ হাজার ৬০১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট মূল্য ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা। অন্যদিকে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যশোর জেলার শার্শা ও চৌগাছা উপজেলায় একই সময়ে অভিযান চালিয়ে ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। এ সময় আটজনকে আটক করা হয়। আটক পণ্যের মধ্যে রয়েছে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৫৭ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা এবং ২৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা। এ ছাড়া শাড়ি, কম্বল, থ্রিপিস, শাল-চাদর ও প্রসাধনীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। রাতের নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। বিজিবি জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। একইভাবে সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে বিজিবি জানিয়েছে, অপরিচিত, সন্দেহভাজন কিংবা বিতর্কিত কাউকে সীমান্ত এলাকায় চলাচল করতে দেখলে এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয় স্বার্থ ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।