অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাটসংলগ্ন বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে খুলনাগামী ‘এমভি মারুফ-১’ লাইটার জাহাজের ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামের বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করে। পরে বাল্কহেডে ধাক্কা দেওয়া জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ডুবে যাওয়া বাল্কহেড লামিয়া শরীফের স্টাফ গোলাম রাব্বি জানান, এদিন সকালে ঘনকুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ নামের একটি লাইটার জাহাজ উল্টোপথে এসে তাদের বালুবোঝাই বাল্কহেডের বামপার্শে আঘাত করে। এর কয়েক মিনিটের মধ্যে বাল্কহেডটি নদীতে ডুবে যায়। তাদের তিনজন স্টাফের সবাই ভালো আছেন। তিনি আরো জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে ১১ হাজার বর্গফুট বালুবোঝাই করে বাল্কহেডটি নওয়াপাড়া নদীবন্দর এলাকার চেঙ্গুটিয়া গ্রামের একটি ডিপোতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ডুবে যাওয়া বালুবোঝাই বাল্কহেডটি উদ্ধার ও নৌযান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’