Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গর্ভফুলে মূত্রথলির জটিলতা, রক্তপাত ছাড়াই অস্ত্রোপচারে সাফল্য ডা. নিকুঞ্জের

এখন সময়: বুধবার, ১৮ নভেম্বর , ২০২৬, ০৯:২২:০৮ পিএম
গর্ভফুলে মূত্রথলির জটিলতা, রক্তপাত  ছাড়াই অস্ত্রোপচারে সাফল্য ডা. নিকুঞ্জের

বিল্লাল হোসেন : সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া গর্ভাবস্থার অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ একটি অবস্থা। এতে গর্ভফুল জরায়ুমুখ সম্পূর্ণ ঢেকে রাখে। এর সঙ্গে মূত্রথলির সম্পৃক্ততা থাকলে অস্ত্রোপচার হয়ে ওঠে আরও কঠিন। সেই জটিল অস্ত্রোপচার রক্তপাত ছাড়াই সম্পন্ন করে আবারও সাফল্য দেখিয়েছেন যশোরের গাইনি বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। দুই দফা অস্ত্রোপচার ও চিকিৎসা শেষে বুধবার (১৮ নভেম্বর) ছেলে সন্তানকে বুকে জড়িয়ে বাড়ি ফিরেছেন ভুক্তভোগী সাবিকুন নাহার (২৯)। তিনি যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়ার রবিউল ইসলামের স্ত্রী। জানা গেছে, সাবিকুন নাহারের ক্ষেত্রে জটিলতা ছিল একাধিক। সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়ার পাশাপাশি গর্ভফুলের সঙ্গে মূত্রথলির সম্পৃক্ততা থাকায় অস্ত্রোপচার নিয়ে উদ্বেগ তৈরি হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শও পান তারা। শেষ পর্যন্ত অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের শরণাপন্ন হন রোগীর স্বামী রবিউল ইসলাম। যশোরের বেসরকারি কিংস হাসপাতালে তার তত্ত্বাবধানে সম্পন্ন হয় দুই ধাপের অস্ত্রোপচার। গত ৩০ অক্টোবর প্রথম ধাপে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এরপর প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পর ৩ নভেম্বর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। দুই ধাপের চিকিৎসা শেষে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। রক্তপাত ছাড়াই এমন জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা চিকিৎসকের জন্যও ছিল বড় চ্যালেঞ্জ। রোগী সাবিকুন নাহার বলেন, রোগটি শনাক্ত হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। চিকিৎসকদের মুখে ঝুঁকির কথা শুনে ভয় আরও বেড়ে যায়। যশোর ও খুলনার চিকিৎসকরা ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তখন কী করব, বুঝতে পারছিলাম না। পরে অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের কাছে আসি। তার চিকিৎসা ও সাহস দেওয়ার কারণে নতুন করে বাঁচার আশা পেয়েছি। এখন আমি ও আমার সন্তান দুজনই সুস্থ। স্বামী রবিউল ইসলাম বলেন, স্ত্রীর অবস্থা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম। যশোর ও খুলনার কয়েকজন চিকিৎসক অস্ত্রোপচারের ঝুঁকি এবং স্ত্রীর প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছিলেন। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে দৈনিক স্পন্দনে অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের এমন জটিল অস্ত্রোপচারে সাফল্যের খবর পড়ে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসা করেছেন। আজ আমার স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ। আমাদের পরিবারের এই আনন্দের পেছনে তার অবদান কখনো ভুলব না। তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এদিকে চিকিৎসকের সঙ্গে রোগীর পরিবারের সম্পর্কের এক ব্যতিক্রমী অধ্যায়ও রয়েছে। গত অক্টোবর মাসে নড়াইলের এক নারীর একই ধরনের জটিল অস্ত্রোপচারে সাফল্য পান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। ওই নারীর ছেলে নড়াইলের চিকিৎসক ডা. নাফিস আখতার। ২৬ বছর আগে তার মায়ের সিজারিয়ান অস্ত্রোপচার করেছিলেন ডা. নিকুঞ্জ। সেই অস্ত্রোপচারের মাধ্যমেই পৃথিবীর আলো দেখেছিলেন নাফিস। দীর্ঘ ২৬ বছর পর সেই চিকিৎসকের সঙ্গেই অস্ত্রোপচারকক্ষে দাঁড়িয়ে নিজের বোনের অস্ত্রোপচারে সহায়তা করার সুযোগ পান তিনি। ডা. নাফিস আখতার বলেন, ২৬ বছর আগে যে চিকিৎসক আমার মায়ের অস্ত্রোপচার করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন, আজ সেই চিকিৎসকের সঙ্গেই অস্ত্রোপচারকক্ষে দাঁড়িয়ে নিজের বোনের অস্ত্রোপচারে সহায়তা করেছি। এটি আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। আমার বোনের জটিল অবস্থাটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গর্ভফুল জরায়ুমুখ সম্পূর্ণ ঢেকে রাখার পাশাপাশি মূত্রথলির সঙ্গেও সম্পৃক্ততা ছিল। এর আগে দুই অধ্যাপক চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র, নিবিড় পর্যবেক্ষণ, মূত্ররোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ অস্ত্রোপচার দলের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। পরে অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের কাছে আসার পর তার আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন হতে দেখি। এমন একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে কাজ করার সুযোগ আমার জন্য পরম সৌভাগ্যের। অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বলেন, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ একটি প্রসূতি সমস্যা। এ ধরনের রোগীর অস্ত্রোপচারে সর্বোচ্চ সতর্কতা, অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হয়। সাবিকুন নাহারের ক্ষেত্রেও চ্যালেঞ্জ ছিল অনেক। তবে পরিকল্পিত চিকিৎসা ও সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব হয়েছে। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। চিকিৎসক হিসেবে রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরার চেয়ে আনন্দের আর কিছু নেই। এর আগে একই ধরনের জটিল অস্ত্রোপচারে একাধিক রোগীর চিকিৎসায় সাফল্য পেয়েছি। চিকিৎসার ক্ষেত্রে প্রতিটি রোগীই আমার কাছে গুরুত্বপূর্ণ। মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে চাই।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)