ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ভ্যানচালক সঞ্জিত মণ্ডলের ভাঙা হাড়কে ‘নরমাল’ বা স্বাভাবিক দেখিয়ে ভুল রিপোর্ট প্রদানকারী সেই ‘ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর বিরুদ্ধে অবশেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভুল চিকিৎসাসেবা ও খামখেয়ালিপনার অপরাধে ক্লিনিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ অভিযান পরিচালনা করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় ডুমুরিয়া ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. আব্দুর সবুর খানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান এবং থানা পুলিশের একটি দল।