নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের রবীন্দ্রনাথ সড়কের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ঢুকে মারধর, প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আপন ভাই-ভাবীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার শহরের রবীন্দ্রনাথ সড়কের বিকে টাওয়ারের বাসিন্দা জাহিদ ফয়সাল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে কোতোয়ালি মডেল থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রেবেকা খাতুন। আসামিরা হলো- শহরের রবীন্দ্রনাথ সড়কের বিকে টাওয়ারের বাসিন্দা আব্দুল বাসেতের ছেলে খালেদ ফয়সাল ও তার স্ত্রী আফরিনা রাজনীন সম্পা, শার্শার বাগআঁচড়ার মৃত আবু সিদ্দিক মন্ডলের ছেলে সাইফদ্দিন, ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের মোস্তফা আনোয়ার পাশা ও তার ছেলে মাহবুব সোবহান নাহিদ। মামলার অভিযোগে অভিযোগে জানা গেছে, শহরের রবীন্দ্রনাথ সড়কের আবুল বাসেতের একটি বাড়ি ছিল। এ বাড়ি ২০১৯ সালের ২০ আগস্ট আবুল বাসেত তার ছেলে খালেদ ফয়সাল ও জাহিদ ফয়সালের নামে হেবা ঘোষণা দলিল করে দেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ৮ এপ্রিল পরিবারের সদস্যদের উপস্থিতিতে আপসের মাধ্যমে বাড়ির সম্পত্তি ভাগ-বণ্টন করা হয়। এ নিয়ে লিখিত বণ্টননামায় সংশ্লিষ্টরা স্বাক্ষরও করেন। এরপর থেকে তারা নিজ নিজ অংশ ভোগদখল ও ভাড়া উত্তোলন করে আসছিলেন। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জাহিদ ফয়সালের ফ্ল্যাটের চতুর্থ তলায় প্রবেশ করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আসামিরা। প্রতিবাদ করলে খালেদ ফয়সাল তাকে চড়-থাপ্পড় মারেন। জাহিদ ফয়সারের স্ত্রী বাধা দিতে গেলে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে আসামিরা জোরপূর্বক জাহিদ ফয়সালকে দিয়ে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। ওই স্ট্যাম্প ব্যবহার করে আসামিরা কোনো মূল্যবান দলিল তৈরি করে তার সম্পত্তির অপূরণীয় ক্ষতি করতে পারেন। বিষয়টি নিয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।