বাবুল আক্তার, চৌগাছা : গাছের ডালজুড়ে থোকায় থোকায় কমলা। কোথাও ডাল নুয়ে পড়েছে ফলের ভারে। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে হলুদ আর কমলা রঙের ফল। দূর থেকে দেখলে মনে হবে, এ যেন বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা এক টুকরো চীনের কমলাবাগান। যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আমির হামজা মিলনের বাগানের দৃশ্য এটি। একসময় ফলের ব্যবসা করতেন তিনি। সেই ব্যবসার অভিজ্ঞতা থেকেই আগ্রহ জন্মে ফল চাষে। এরপর মাত্র ১৯টি চারা দিয়ে শুরু। সেই উদ্যোগ এখন বিস্তৃত হয়েছে ১৯ বিঘা জমিতে। তার স্বপ্ন, পুরো বাগান উৎপাদনে এলে বছরে আড়াই কোটি টাকার বেশি কমলা বিক্রি করা সম্ভব হবে। হাকিমপুর গ্রামের হায়দার আলীর ছেলে আমির হামজা মিলন। ৩৫ বছর বয়সী তরতাজা যুবক। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট মিলন। উচ্চমাধ্যমিক পাসের পর আর পড়াশোনা এগোয়নি। শুরু করেন ফলের ব্যবসা। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন ধরনের ফল ও ফলের বাজার সম্পর্কে ধারণা তৈরি হয় তার। একপর্যায়ে নিজেই ফল উৎপাদনের সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ভারত থেকে চায়না ম্যান্ডারিন জাতের ১৯টি কমলার চারা সংগ্রহ করেন। সেগুলো রোপণ করেন নিজের জমিতে। দুই বছরের মধ্যেই গাছগুলোতে ফল আসতে শুরু করে। এরপর নিজস্ব বাগানের গাছ থেকে কলম তৈরি করে ধীরে ধীরে বাড়াতে থাকেন চারা। এভাবেই ছোট উদ্যোগটি একসময় বড় বাগানে রূপ নেয়। বর্তমানে তার ১৯ বিঘা বাগানের মধ্যে দুই বিঘা জমির গাছে ফল ধরেছে। ফলের ভারে গাছের ডালগুলো নুয়ে পড়েছে। মিলনের হিসাব অনুযায়ী, এ বছর এই দুই বিঘা জমি থেকে প্রায় ৪০০ মণ কমলা পাওয়া যাবে। বর্তমান বাজারদর বিবেচনায় এসব কমলার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। মিলন জানান, ফেব্রুয়ারি মাসে কমলাগাছে ফুল আসে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং যথাযথ পরিচর্যা করা গেলে নভেম্বরের শেষ দিকে ফল সংগ্রহ শুরু করা যায়। তিনি আরও বলেন, বিগত বছরগুলোর সমস্যা তিনি পর্যবেক্ষণ করেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাগানের পরিচর্যা করেন। ফলে প্রতি বছরই বাগানে ফলন বাড়ছে। তার দাবি, এক বিঘা জমিতে কমলা চাষে পরিচর্যাসহ খরচ হয় প্রায় ৪০ হাজার টাকা। বিপরীতে ভালো ফলন হলে ওই জমি থেকে প্রায় ১৪ লাখ টাকার কমলা বিক্রি করা সম্ভব। তবে ফলন ও বাজারদরের ওপর আয়-ব্যয় নির্ভর করে। মিলনের বাগানে ভারত, চীন, পাকিস্তান এ কাশ্মীরসহ বিভিন্ন দেশের নানন জাতের কমলার চাষ হচ্ছে। তবে তার অভিজ্ঞতায়, বাংলাদেশের আবহাওয়ার জন্য চায়না ম্যান্ডারিন জাতটি বেশি উপযোগী। তিনি বলেন, এক বিঘা জমিতে ১৭৫টি চারা রোপণ করলে ভালো ফল পাওয়া যায়। তবে শুধু কমলার ওপর নির্ভর না করে জমিতে সাথি ফসল চাষের পরামর্শ দেন তিনি। কমলার গাছ পূর্ণাঙ্গ হওয়ার আগপর্যন্ত সাথি ফসল থেকে আয় করা সম্ভব। এতে বাগান তৈরির প্রাথমিক খরচও উঠে আসতে পারে। সাথি ফসল হিসেবে পেয়ারা, পটল, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়। তার মতে, মোটা মাটিতে কমলার চাষ ভালো হয়। তবে নিচু জলাব্ধ জমিতে কমলা চাষ না করার পরা মর্শ দেন তিনি। মিলনের কমলাবাগান এখন শুধু ফল উৎপাদনের ক্ষেত্র নয়, স্থানীয় মানুষের কর্মসংস্থানেরও উৎস। প্রতিদিন সেখানে ১৪ থেকে ১৫ জন শ্রমিক কাজ করেন। বাগানের পরিচর্যা, গাছের যত্ন ও অন্যান্য কাজে তাদের ব্যস্ত থাকতে হয়। শ্রমিকদের কাজের সময় শেষ হওয়ার পরও কেউ কাজ করলে অতিরিক্ত সময়ের পারিশ্রমিক দেন মিলন। তার এই উদ্যোগে এলাকার মানুষের নিয়মিত আয়ের সুযোগ তৈরি হয়েছে। বাগানের পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় গড়ে তুলেছেন একটি বড় নার্সারি। সেখান থেকে নিয়মিত বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের কমলার চারা। তার ভাষ্য অনুযায়ী, নার্সারির চারার চাহিদাও বাড়ছে। মিলনের কমলাবাগানের খবর ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। প্রতিদিনই বাগান দেখতে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। আসছেন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতারাও। অনেকে ভিডিও ধারণ করছেন। কেউ কেউ বাগান ঘুরে দেখার পাশাপাশি পছন্দের জাতের চারা কিনে নিয়ে যাচ্ছেন। দর্শনার্থী সুমন মসিউর রহমান স্ত্রীকে নিয়ে বাগান দেখতে এসেছিলেন। ঘুরে দেখার পর ছাদবাগানের জন্য কয়েকটি কমলার চারাও কিনেন তারা। বাগানে দর্শনার্থীদের ভিড় কিংবা ভিডিও ধারণে বিরক্ত হন কি না, জানতে চাইলে মিলন বলেন, ‘আল্লাহ আমাকে এমন একটি সুন্দর বাগান দিয়েছেন বলেই তো মানুষ দেখতে আসছেন। আল্লাহ না দিলে কেউ আসতেন না। তাই বিরক্ত হই না। বরং মানুষের আসার কারণে আমার বাগানের প্রচারও হচ্ছে।’ মিলনের ১৯ বিঘা বাগানের সব গাছে এখনো ফল আসেনি। দুই বিঘা জমিতে ফল ধরেছে। সাত বিঘা জমির গাছ থেকে আগামী বছর পুরোদমে ফুল ও ফল পাওয়ার আশা করছেন তিনি। বাকি ১০ বিঘা জমির গাছ থেকে ফল পেতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে। সব গাছ পূর্ণ উৎপাদনে এলে বছরে প্রায় আড়াই কোটি টাকার কমলা বিক্রির সম্ভাবনা দেখছেন এই উদ্যোক্তা। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আবহাওয়া ও সঠিক পরিচর্চা গুরুত্বপূর্ণ। ১৯টি চারা দিয়ে শুরু করা মিলনের এই উদ্যোগ এখন বড় স্বপ্নের নাম। তাঁর বাগান প্রমাণ করছে, পরিকল্পনা, পরিশ্রম ও সঠিক পরিচর্যা থাকলে দেশের মাটিতেও বিদেশি ফলের বাণিজ্যিক চাষের সম্ভাবনা তৈরি হতে পারে।