নিজস্ব প্রতিবেদক : যশোরে পুলিশের কন্সটেবল নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে এসব ইভেন্ট অনুষ্ঠিত হয়। যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। শারীরিক সক্ষমতা যাচাইয়ের ইভেন্টগুলো ছিল ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প। ২০০ মিটার দৌড়ে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ড এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডের মধ্যে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়। পুশ-আপে পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি দিতে হয়। লং জাম্পে পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১০ ফুট এবং নারী প্রার্থীদের কমপক্ষে ৬ ফুট অতিক্রম করতে হয়। হাই জাম্পে পুরুষ প্রার্থীদের ৩ দশমিক ৫ ফুট এবং নারী প্রার্থীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা অতিক্রম করতে হয়। প্রার্থীরা প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে উত্তীর্ণ হওয়ার জন্য প্রত্যেক প্রার্থীকে তিনবার করে সুযোগ দেওয়া হয়। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আসা সদস্য এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।