সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে যশোর জেলা নারী হকি দল গঠনের লক্ষে মাসব্যাপী শীতকালীন প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর দ্বিতীয় ধাপের আওতায় নারী হকি খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে শীতকালীন এই প্রশিক্ষণ কার্যক্রমে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০ জন ছাত্রী অংশগ্রহণ করে। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক তারিকউজ্জামান নান্নু, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, ব্র্যাক ব্যাংকের খুলনা শাখার প্রধান কাজী শাকিল আক্তার, ব্র্যাক ব্যাংকের ইউনিট প্রধান এমডি মনিরুজ্জামান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হায়দার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান খান কারী, বাংলাদেশ হকি ফেডারেশনের হকি প্রশিক্ষক হাসান রনি ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো নারীদের মধ্যে হকি খেলার আগ্রহ সৃষ্টি, নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তৃণমূল পর্যায়ে নারী হকির বিকাশ ঘটানো। ইতিপূর্বে এখানকার অনেক ছাত্রী জাতীয় নারী হকি দলে সুযোগ পেয়ে দেশ ও দেশের বাইরে খেলার মাধ্যমে সুনাম বয়ে এনেছে।