অভয়নগর (যশোর) প্রতিনিধি : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও অভয়নগরের কৃতি সন্তান ডা. মেহেদী হাসান বলেছেন-আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তৃণমূল পর্যায়ে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। ফ্যামেলি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, আর এই অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ডা. মেহেদী হাসান জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ধর্মের দোহাই দিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। একদিকে ইসলাম প্রতিষ্ঠার কথা বললেও অন্যদিকে তারা নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে অভয়নগরের পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ড্যাব যশোর শাখার আয়োজনে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি যশোর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারাজী মতিয়ার রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে অভয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইমাদ উদ্দিন গাজীর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারাজী মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো. এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম তুহিনসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শত শত মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।