নিজস্ব প্রতিবেদক : যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাজারে প্রাণ কোম্পানির কর্মী মুশফিকুর রহমানকে ট্রাক চাপায় হত্যার ঘটনায় কোতয়ালি থানায় মামালা হয়েছে। মামলায় অপরিচিত ট্রাক চালককে আসামি করা হয়েছে। গতকাল রোববার নিহত মুশফিকুর রহমানের চাচা চৌগাছার মাকাপুর গ্রামের ফয়জুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, মুশফিকুর রহমান প্রাণ কোম্পানিতে চাকরি করতেন। ৩১ জানুয়ারি মুশফিকুর তার সহকর্মী ইয়াসিন আলীকে সাথে নিয়ে রাজারহাট বাজার থেকে মোটরসাইকেলে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে রাজারহাট অগ্রণী ব্যাংকের সামনের রাস্তায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত মুশফিকুর ও তার সহকর্মী ইয়াসিনকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মুশফিকুরকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের আশপাশে খোঁজখবর নিয়ে অপরিচিত ট্রাক চালককের নাম ঠিকানা উদ্ধারে ব্যর্থ হয়ে গতকাল তিনি থানায় এ মামলা করেছেন।