অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে একটি গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ভোর রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে রাফিউল্লাহ বিন আশরাফের বাড়ির সামনের রাস্তায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রাফিউল্লাহ বিন আশরাফ জানান, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের শব্দ শুনে পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। পরে এলাকাবাসীর সহযোগিতায় রাস্তার পাশে পড়ে থাকা লাল রঙের কসটেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পানিভর্তি বালতির ভেতরে রাখেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ এসে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘রোববার সকালে ঘটনাস্থল থেকে লাল রঙের কসটেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে সেখানে কোনো বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’