Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে হ্যান্ডমাইকে বাজছিলো ৭ মার্চের ভাষণ, মাইক জব্দ

এখন সময়: সোমবার, ৯ মার্চ , ২০২৬, ১১:১৩:০৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের চারখাম্বার মোড়ে সড়কের পাশেই একটি বাড়ির প্রাচীরের উপর থেকে হঠাৎ বেজে উঠলো শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। হঠাৎ করে একটি হ্যান্ডমাইকে এই ভাষণ বাজতে দেখে উৎসুক মানুষ ভিড় করতে থাকেন। শনিবার রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটেছে। পরে পুলিশ স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে হ্যান্ডমাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে কে কিভাবে মাইকটি রেখেছে সেটি জানতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, যশোর শহরের ব্যস্ততম সড়ক চারখাম্বার মোড়। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মোড়টিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের আবক্ষ ভাস্কর্য্য থাকায় মোড়টির নাম করা হয় শেখ রাসেল চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের পরে বিক্ষুব্ধ ছাত্রজনতা সেটি ভেঙে দেয়। শনিবার রাতে মোড়টি থেকে চৌরাস্তা যাওয়ার পথে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরীর বাড়ির প্রাচীরের উপরে কে বা কারা সাদা ও নীল রঙের একটি হ্যান্ডমাইক রেখে যায়। তাতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ভাষণটি বাজতে থাকে। এরপর থেকে উৎসুক জনতাকে মাইকের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। অনেককে ভিডিও করতেও দেখা গেছে। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশের সদস্যরা মাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় চা দোকানদার রমজান আলী বলেন, ‘হঠাৎ দেয়ালের উপরে রাখা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। প্রথমে বুঝতে পারিনি; কাছে এসে দেখি হ্যান্ড মাইকে বাজছে। মাইকের পাশে দুটি বড় ফুলগাছের ডাল ঝুলে থাকাতে কারা এসে মাইকটি রেখেছে; সেটা দেখা যায়নি।’
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি; চার খাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছে। পরে পুলিশ যেয়ে মাইকটি নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)