নিজস্ব প্রতিবেদক: যশোরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে সোমবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয় । প্রস্তুতি সভায় দুটি দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, রাত ১০টা ৩০ থেকে ৩১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্লাক আউট করা হবে। কোন অবস্থায় আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেয়া হয়। ২৬ মার্চ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,৩১ বার তোপধ্বনি, বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, যশোর স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা এবং একই স্থানে সন্ধ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল, জেলখানা, ভবঘুরে আশ্রয় কেন্দ্র, বৃদ্ধাশ্রম, এতিমখানাসহ সমাজ সেবামূলক প্রতিষ্ঠানে উন্নত মানের খাদ্য পরিবেশনের সকল জাদুঘর ও প্রদর্শনী কেন্দ্রগুলোতে বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থা করা, সিনেমা হলগুলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া দিবসটি উপলক্ষে প্রত্যেক স্কুল কলেজে ২৪ এবং ২৫ মার্চ তারিখে মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ।