অভয়নগর (যশোর) প্রতিনিধি : শাশুড়ির উপর অভিমান করে নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাবিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে। সাবিনা বেগম অভয়নগর উপজেলার বাঁধন বিশ্বাসের স্ত্রী। এ সময় নৌকার মাঝিসহ ঘাটে কর্মরত কয়েক যুবক নদীতে লাফিয়ে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
সাবিনা বেগমের শাশুড়ি রহিমা বেগম বলেন- খুলনা থেকে ফেরার পথে বৌমা সাবিনা তার মোবাইল ফোন হারিয়ে ফেলে। বিকেলে ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল চুরির বিষয়ে বৌমার সঙ্গে কথা কাটাকাটি হলে অভিমান করে সে মাঝনদীতে ঝাঁপ দেয়। এর পর খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
নৌকার মাঝি দ্রুব দাস বলেন, শাশুড়ির উপর অভিযান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দেন ওই গৃহবধূ। অনেক চেষ্টা করেও তার সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজি শুরু করে।
এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। নদীতে তীব্র স্রোত ও ঘন ঘন কার্গো জাহাজ চলাচলের কারণে সন্ধ্যার আগে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। খুলনা বিভাগীয় অফিসে ডুবুরি দল পাঠানোর আহবান করা হয়েছে। পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।’