মাহফুজুল ইসলাম মন্নু, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তামজেল হোসেনের ছেলে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া বাড়ির পাশে রেল লাইনের পাশে ছাগল বাঁধতে যান। ওইসময় ছাগলটি দৌড়ে রেললাইনের উপর চলে গেলে তিনি দড়ি ধরে টেনে আনতে যান। একই সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।