নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদাহের মহেশপুরে তেলবাহী ট্রাকের চাপায় ফুলঝুরি খাতুন (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজ কারখানার পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ফুলঝুরি খাতুন মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ও আহত ছেলে লাভলুর হোসেন (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছেলে লাভলুর সঙ্গে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি খাতুন। পরে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এই নারীর মৃত্যু হয়।
গুরুতর আহত লাভলুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবিলত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালাতক থাকলেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।