ফরহাদ খান, নড়াইল: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেছেন, ‘মাদকমুক্ত সমাজ বা প্রজন্ম করতে পরিবারের বড় ভূমিকা রয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতার পাশাপাশি মাদকদমনে পরিবারের বড় ভূমিকা রয়েছে। এক্ষেত্রে সামাজিক সচেতনতা ও পারিবারিকবন্ধন বাড়াতে হবে।’ বুধবার (১ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এছাড়া গ্রাম্য মারামারি, হত্যাকান্ডসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অপরাধমূলক ঘটনার পর এক শ্রেণির লোক মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েন। অনেক সময় নিরপরাধ ব্যক্তিকে আসামির ভয় দেখিয়ে প্রতিপক্ষরা টাকা দাবি করেন। এতে নিরীহ লোকজন যেমন হয়রানির শিকার হন, অনেক সময় প্রকৃত অপরাধী আড়াল হয়ে যায়। এ ব্যাপারে সবাইকে সচেতন ও বিবেকবান হতে হবে। আর থানায় পুলিশের সেবা সম্পর্কে আমাদের আইজিপি স্যারের নির্দেশনা, সবাইকে সর্বোচ্চ সেবা দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, রকিবুল হাসান ও কামরুজ্জামান, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আব্দুল খালেক, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ গণমাধ্যমকর্মীরা।