শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় এক চিহ্নিত মাদক কারবারির তাণ্ডব ও প্রাণনাশের হুমকির মুখে অসহায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আফরোজা সুলতানা সংবাদ সম্মেলন করেছে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী। ১৩ এপ্রিল দুপুর ১ টায় শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার এলাকার বাসিন্দা সংবাদ কর্মী মোঃ রাজিব হোসেনের স্ত্রী বলেন, গত ৬ এপ্রিল দুপুর ১২ টার দিকে তার বসতবাড়িতে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী মৃত: হাসেম তালুকদারের পুত্র ইলিয়াস তালুকদার তাদের সাথে ওই সিসি ক্যামেরা বসানো নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করে ইলিয়াস। সে জানায় তার মাদক ব্যবসা আছে সিসি ক্যামেরা বসালে তার মাদক ব্যবসার ক্ষতি হবে। তাই তিনি তাকে সিসি ক্যামেরা বসাতে নিষেধ করেন এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সপরিবারে প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরো বলেন, ইলিয়াস তালুকদার এলাকার একজন কুখ্যাত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গত ৮ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের একটি দল তাকে ২৫০ পিস ইয়াবাসহ হাতে গ্রেফতার করে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আফরোজা সুলতানা গত ৮ এপ্রিল শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন-তাকে বিষয়টি জানানোর পরে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে পুলিশ দিয়ে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হবে।