নিজস্ব প্রতিবেদক : বাংলা বর্ষবরণ উপলক্ষে বিবর্তন যশোরের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এই অনুষ্ঠানে ছিল আবৃত্তি, নৃত্য, যন্ত্রসংগীত ও নাটক।
‘নতুন করে আবার তবে চলি নতুন পথে, পুরাতনের স্মৃতিটুকু থাকুক না হয় সাথে’ কবিতার এই চরণকে সামনে রেখে সংগঠনের আয়োজন সকলকে মুগ্ধ করেছে। তীব্র গরমের মাঝে বৈশাখ মাসের এই সন্ধ্যা সকলকে ভুলিয়ে দেয় ভালোলাগার আবেশে।
অনুষ্ঠানে আনুষ্ঠানিক কোন আলোচনা না থাকলেও পুরস্কার বিতরণের সময় কেবলই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হারুন অর রশিদ, ইয়াসিন আলী ও আবুল বাশার।
সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল পাঁচটা থেকে শুরু হয়ে শেষ হতে বাজে রাত সাড়ে আটটা। সংগঠনের বাচিক শিল্পীদের সমবেত কন্ঠে আবৃত্তি দিয়েই অনুষ্ঠানের শুরু। অনুষ্ঠানের শেষ হয়েছে নাটক ‘গুপ্তবিদ্যা’ মঞ্চায়নের মধ্যদিয়ে। এছাড়াও নাটক ‘মামা ভাগ্নে’ ও ‘নাক কাটা রাজা’ পরিবেশিত হয়। অনুষ্ঠানে দলীয় নৃত্য, একক আবৃত্তি এবং যন্ত্রসঙ্গীতে সুরের খেলা দর্শকদের মুগ্ধ করেছে।