নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় রওশন আরা বেগম (৩৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বিভিন্ন এনজিওর কাছে ৩ লাখ টাকা ঋণ থাকায় তিনি গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেন। রওশন আরা উপজেলার কলাগাছি গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী। জানা গেছে, রওশন আরা বিভিন্ন এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ নেন। ঠিকমতো কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। ফলে শুক্রবার সন্ধ্যায় তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে রওশন আরার মৃত্যু হয়। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, রওশন আরার মৃত্যুর ঘটনায় কেতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।