মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের ঢাকা রোড বাস স্টান্ডে শুক্রবার দুপুরে পরিবহনের টিকিটের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয় শ্রমিকদের সংঘর্ষে ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতরা হচ্ছে ,মধুমতি নামের ওই পরিবহনের যাত্রী মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের আবুল কালামের ছেলে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হাসানের ভাতিজা চয়ন (২৩), চয়নের ভাই জুবায়ের (২৫), পাল্লা গ্রামের বদরুল ইসলাম (৫০) ও আতিয়ার রহমানের ছেলে তৌকির আহমেদ (২৫)। আহত যাত্রী চয়ন জানান, চয়ন তার মাকে নিয়ে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে মধুমতি পরিবহনের একটি টিকেট কাটেন। গাড়িটি আসতে অনেক দেরি হওয়ায় চয়ন অন্য গাড়িতে যাওয়ার জন্য টিকেটের টাকা ফেরত চায়। এ সময় সেখানকার টিকেট ম্যানেজার বদরুল ইসলাম তার সাথে বাকবিত-ায় জড়িয়ে তাকে মারধর করে। এ সময় চয়নের এলাকার লোকজন খবর পেয়ে সেখানে এসে বদরুলকে জখম করে। এ ঘটনার জের ধরে পাল্লা গ্রামের তৌকির, পারনান্দুয়ালী জুবায়েরসহ মোট ৪জন আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মাগুরা সদর থানার অফিসার ইন চাজ (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এখনো কোন মামলা হয়নি।