মিরাজুল কবীর টিটো : প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ২ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে, ৭১টি বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। র্যাবের দায়িত্ব পালন করবে ৬টি টিম। সেই সাথে দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হবে। নির্বিগ্নে যাতায়াত নিশ্চিত করতে রাস্তার ধারের অবৈধ স্থাপনা ২২ এপ্রিলের মধ্যে উচ্ছেদ করা হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এতথ্য জানানো হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন- রাস্তার ধারের স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হবে। মাইকিংয়ের পর যদি স্থাপনা সরিয়ে না নেয়া হয়,তাহলে অর্থদন্ড দেয়া হবে। এই সুযোগে রাস্তা পরিস্কার করা হবে। সেই সাথে গুরত্ব দিয়ে রাস্তাগুলোর উপর পরিবহন থামিয়ে রাখা নিষিদ্ধ করা হবে। এজন্য কার্যকরি পদক্ষেপ নেয়া হবে। অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে জেনারেটর ব্যবস্থা থাকবে ।
তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বাসযোগে শার্শার উলাশী খাল খনন এলাকায় যাবেন। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, যশোর-বেনাপোল সড়কের যানজট নিরসন করা হবে।
উলাশী খাল পুনঃখনন উলাশী এলাকার স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রধানমন্ত্রী খাল খনন কাজের উদ্বোধন করবেন।
এরপর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন উদ্বোধন করবেন। উদ্বোধনের সময় ১০ জন রেড কার্ডধারী থাকবেন। তারা প্রধানমন্ত্রীর রিসিভশনে থাকবেন। বাকিরা থাকবেন প্যান্ডেলের মধ্যে।
উদ্বোধনের পর তিনি যশোরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। বিকেলে শহরের ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর বিশ্রামের জন্য যশোর সার্কিট হাউজ প্রস্তুত রাখা হচ্ছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন তারেক রহমানের যশোর সফর উপলক্ষ্যে নিরাপত্তার জন্য ২ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তার নিরাপত্তার জন্য ৭১টি বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাইরের থকে চেকিং মেশিন আনা হবে। ওইসব রোডের সকল পাম্প বন্ধ থাকবে। ট্রাফিক পুলিশের কার্যক্রম জিরো টলারেন্স থাকবে।
র্যাবের উপসহকারী পরিচালক আহসান হাবীব জানান প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ৬টি টিম কাজ করবে। এর মধ্যে ২টি টিম বহরে, ২টি টিম টহলে ও স্ট্যান্ড থাকবে ২টি টিম।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে প্রস্তুত ফায়ার সার্ভিস। দুর্ঘটনা এড়াতে বিমান বন্দরে ফায়ার সার্ভিসের জরুরী টিম থাকবে। বহরের সাথেও ফায়ার সার্ভিসের টিম থাকবে। এজন্য খুলনা থেকে পানিবাহী যানসহ জনবল আনা হবে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান বলেন- বিমানবন্দরে রোডের যেসব অংশ খারাপ ছিল, ম্প্রিড বেকার ছিল,সেটা সংস্কার করা হয়েছে। শুধু মার্কিং করা বাকি রয়েছে। উলাশী যাওয়ার রাস্তার ১৪ কিলোমিটার সংস্কার কাজ শেষ হয়েছে। সেখানকার ওয়াশরুমের কাজ দুই দিনের মধ্যে শেষ করা হবে। রুমে পানির জন্য পানির পাম্প ও ট্যাংকী বসানো হবে। গাড়ি পার্কিংয়ের স্তানে আরসিসি ঢালাই দিলে গাড়ি রাখার উপযোগী হয়ে যাবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন- আরবপুর থেকে উলাশী পর্যন্ত রাস্তা সংস্কার করা হেয়ছে। এখন শুধু রাস্তার ধারের অবৈধ দখলদার উচ্ছেদ করতে হবে।
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন,২৩ এপ্রিলের মধ্যে মেডিকেল কলেজের সকল নির্মাণ কাজ শেষ করা হবে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আহসান হাবীব বলেন-প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষ্যে হাসপাতালের মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।