নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা পৌরসভার সাধারণ হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি ও খাজনা আদায়ে বাধা দেয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ইজারাদার পৌর বিএনপি নেতা নেতা আতিকুর রহমান লেন্টু রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ।
তিনি বলেন- ২০২৬ সালের ৫ মার্চ যশোরের চৌগাছা পৌরসভার সাধারণ হাট (কাঁচা বাজার, মাছ বাজার ও ফুটপাত) ১ কোটি ১৬ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকায় ইজারা পান আতিকুর রহমান লেন্টু। ইজারা নেয়ার পর থেকেই অভিযুক্তরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হাট থেকে খাজনা তুলতে না দেয়ার হুমকি দেয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ১৪ এপ্রিল থেকে অভিযুক্তরা হাটের বিভিন্ন দোকান থেকে জোরপূর্বক প্রায় ১ লাখ টাকা চাঁদা উত্তোলন করে। এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে বাকি টাকা না দিলে খাজনা আদায় বন্ধ করে দেয়ার হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল সকাল ৯টার দিকে খাজনা আদায়কারী আরিফুল ইসলাম অসীম মাছ বাজারে খাজনা তুলতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে বাধা দেয়। এ সময় তাকে মারধরের চেষ্টা, গালিগালাজ এবং রশিদ বই ছিনিয়ে নিয়ে বাজার থেকে বের করে দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, বহিষ্কৃত ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, বিএনপি কর্মী মাসুদ, উজ্জ্বল হোসেন শুকুর আলীসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন- এ বিষয়ে যশোরে চৌগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু অভিযোগটি এখনো পুলিশ আমলে না নিয়ে হয়রানি করছে। অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থানা বিএনপির কোষাধ্যক্ষ শফিউদ্দিন, বিএনপি কর্মী সিরাজুল ইসলাম হাবিবুর রহমান, থানা যুবদলের সেক্রেটারি আরিফুর রহমান অসীম।