খুলনা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার খড়িয়া ধরেঙ্গা চর গ্রামে চার বছর আগে সুখেন সরদার নামে এক ব্যক্তি খুনের মামলায় একজনের যাবজ্জীবন ও অপর আসামি খালাস পেয়েছেন। পাঁচজনের সাক্ষ্যসহ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। ২০২২ সালের ৭ মার্চ খুনের ঘটনা ঘটে।
মামলার বিবরণ, ঘটনার দিন রাত আনুমানিক রাত ৮টার দিকে চিংড়ি খামারের পাশে তাকে হত্যা করা হয়। নিহতের মা অমেলা রানী সরদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ৮ মার্চ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। থানার সাব-ইন্সপেক্টর সুকান্ত চার্জশিট দাখিল করেন। বিবরণে উল্লেখ করা হয়- রাতে তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। চিংড়ির খামারে পানিতে লাশ পড়ে ছিল। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পরিলক্ষিত হয়। রক্তাক্ত অবস্থায় ছেলেকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক বলেন তিনি বেঁচে নেই। মামলার রায়ে প্রকাশ সরদারকে যাবজ্জীবন কারাদ- এবং তার স্ত্রী রূপা সরদারকে খালাস দেয়া হয়। নিহত ব্যক্তি ও আসামি একই বংশের সন্তান। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. স্বর্ণালী দাস।