Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটে আন্তর্জাতিক নার্স দিবস ও নবীনবরণ অনুষ্ঠান

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ০২:৪৭:২৯ এম

প্রেসবিজ্ঞপ্তি : যশোর পুলেরহাটে অবস্থিত আদ্- দ্বীন নার্সিং ইনস্টিটিউটে আন্তর্জাতিক নার্স দিবস ও ২১ তম ব্যাচের ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১২ মে মঙ্গলবার সকালে ক্যাম্পাসে নার্স দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং হাসপাতালের স্টাফ নার্স ও কর্মকর্তা কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। র‌্যালিটি ৫০০ শয্যা বিশিষ্ট আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ঘুরে আবারও ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে কলেজ অডিটোরিয়ামে নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এরপর ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন আদ্- দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা দেশ সেরা ইউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। সভাপতিত্ব করেন আদ্- দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম।
বিশেষ অতিথি ছিলেন পুলেরহাট আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক, আদ্-দ্বীন উইমেন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ ডাক্তার অর্পণ মিত্র, রেলরোড আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক ডাক্তার শীলা পোদ্দার, মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মেহেরুন্নেসা।
অনুষ্ঠানে ২১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে আদ্-দ্বীন হাসপাতালে কর্মরত ১০ জন সিনিয়র স্টাফ নার্স কে তাদের কাজের সফলতার জন্য সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তার আতিকুর রহমান বলেন, একটি পরিবারে মা বাবার পরেই যে সম্পর্ক আসে তা হল ভাই বোন। বোন শব্দটি খুবই আদরের। বোন শব্দটি প্রিয় বলেই স্বাস্থ্য খাতের নার্সদেরকে সিস্টার বলা হয়। নবীন নার্সিং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে হবে। আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট যে জাকজমকপূর্ণভাবে নার্স দিবস উদযাপন করছে তা দেশে বিরল। আদ্-দ্বীনের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য ও সফল নার্স হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনের উপর বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন ও মিউজিক্যাল ফিল্ম শুভ উদ্বোধন করা হয়।
এছাড়া ছাত্রীদের পরিবেশনায় মঞ্চে নাটিকা প্রদর্শন করা হয়। পরে সংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)