নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বামী আব্দুর রহমান জিমের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্ত্রী। মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামাল করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। আসামি জিম ঝিকরগাছার কাটাখালি রুপনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
মামলার অভিযোগ জানা গেছে, ২০২৪ সালের ২২ এপ্রিল পারিবারিকভাবে জিম তাকে বিয়ে করেন। বিয়ের দুই বছরের মাথায় তিনি সন্তান সম্ভবা হন। কিন্তু জিম জোর করে তার গর্ভের সন্তান নষ্ট করে দেন। এই নিয়ে জিমের সাথে মনোমালিন্য হলে তিনি আলাদা থাকেন এবং গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন।
এতে ক্ষিপ্ত হয়ে জিম তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে। জিম স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি মোবাইল ফোনে গোপনে ধারণ করে রেখেছিল। তার সাথে সম্পর্কের ফাটল ধরলে সে একটি ফেসবুক পেইজ খুলে তাতে অশ্লীল ছবিগুলো ছড়িয়ে দেয়। এছাড়া গত ৪ মে ফোন দিয়ে তার সাথে বিয়ে বলবৎ না রাখলে আরও ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়। এরপর আসামি জিম হোয়াটসঅ্যাপ, ইমো ও ম্যাসেঞ্জারে অশ্লীল ছবিগুলো পাঠায়। ফলে সামাজিক ভাবে সম্মানহানি হওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।