চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রায় ট্রেডার্স ও জিয়া টেডার্স নামে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ কেজি ভেজাল দস্তা সার জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (৩মে) দুপুরে উপজেলার সলুয়া বাজারে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম ওবায়দুল্লাহ, চৌগাছা থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন-গত জানুয়ারি মাসে উপজেলার সলুয়া বাজারের মেসার্স জিয়া ট্রেডার্স এবং রায় ট্রেডার্সে দুটি কোম্পানির দস্তা সার সন্দেহজনক হওয়ায় সেটা ল্যাব টেস্টের জন্য যশোরের সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসআরডিআই) এ পাঠানো হয়। সেখানে পরীক্ষায় দেখা যায়, জিয়া ট্রেডার্সের ৪০ কেজি দস্তা এবং রায় ট্রেডার্সের ১০ কেজি দস্তা ভেজাল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাদের ৫০ কেজি দস্তা বিনষ্ট করে এবং জিয়া ট্রেডার্সের মালিককে ৫ হাজার ও রায় ট্রেডার্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন।
চৌগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা
কমিটির সভা অনুষ্ঠিত
চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিটিং রুমে এ সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
সভায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মনিব, চৌগাছা থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ প্রমুখ। সভায় স্বাস্থ্য সেবার মান বাড়ানো, হাসপাতালের শূন্যপদ পুরণ এবং ১৫ জুনের মধ্যে ১০০ শয্যার কার্যক্রম চালুকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।