নিজস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালি মডেল থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে আনোয়ারা বেগম (৪০) নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। রোববার দুপুরে পরিত্যাক্ত ককটেলটি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহত আনোয়ারা উপশহর ১২ নম্বর সেক্টরের আমতলার জামায়াত আলী মোল্লার স্ত্রী। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, থানার পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন আনোয়ারা । এসময় হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেলের আঘাতে তিনি জখম হলে অন্য শ্রমিকরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত আনোয়ারার হাত ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত। মহিলা সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন-ভবন ভাঙার সময় পরিত্যক্ত ককটেলে আঘাত লাগলে সেটি বিস্ফোরিত হয়। এ সময় ওই নারী শ্রমিক আহত হন।