নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের দড়াটানা হাসপাতাল মোড়ে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ফাতেমা খাতুন নামে এক নারী। রোববার প্রেসক্লাব যশোর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী আব্দুস সামাদ ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তাদের বাড়ি ও জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি করে অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের মারধর, খুন-জখমের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোরও চেষ্টা করছেন তারা। তিনি বলেন-পৈতৃক সূত্রে পাওয়া ঘোপ মৌজার আরএস-২৩১৮ দাগের ৫ শতক জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। গত ১৪ মে দুপুরে আব্দুস সামাদ ও তার পরিবারের সদস্যরা তাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। এ বিষয়ে প্রতিবাদ করলে আব্দুস সামাদের নাতি রাবিত ছুরি নিয়ে হামলার চেষ্টা করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় স্থানীয় একাধিক ব্যক্তি সাক্ষী রয়েছেন বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন- এ ঘটনায় তার ভাই শহীদ আল মামুন কোতয়ালি থানায় আব্দুস সামাদ, তার ছেলে রিপন হোসেন এবং নাতি রাবিত ও সোহেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মামুন, রাজু ও সিফাতসহ পরিবারের অন্যান্য সদস্যরা।