নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন- শিক্ষক এবং অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে তারা বিশ্বের মাঝে দেশকে প্রতিনিধিত্ব করতে পারবে। বৃহস্পতিবার যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও প্রাথমিক শিক্ষার প্রসারে যুগান্তকারী অবদান রেখেছিলেন। তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগে শতকরা ৬০ ভাগ নারীদের জন্য কোটা চালু করেছিলেন। দ্বাদশ শ্রেনী পর্যন্ত নারীদের বিনা মূল্য শিক্ষা গ্রহণে সুযোগ করে দিয়েছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, সদর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল , স্কুরের প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানা। উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ শাহজাহান আলী খোকন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আশরাফুজ্জামান। শেষে ৫২ ইভেন্টে বিজয়ী ১৫৬ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।