নিজস্ব প্রতিবেদক : যশোরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে যশোর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মতো একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার তাদের স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অথচ প্রতিনিয়ত শহরের বিভিন্ন ডাস্টবিন ও বর্জ্য অপসারণের কাজে শিশুদের নিয়োজিত হতে দেখা যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।