সাতক্ষীরা প্রতিনিধি: কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন একটি খাল থেকে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে। সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান। তিনি বলেন- বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় সোমবার (১৫ জুন) রাত ১ টার দিকে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ওই এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত ফেনসিডিল ও ওষুধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।