বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামবাসীর উদ্যোগে মাদক প্রতিরোধ, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাইকপাড়া স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রছুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, দরাজহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ফুলমিয়া এবং ইউপি সদস্য মোঃ আবু নাছের। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবর আলী বিশ্বাস। আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক প্রভাব, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং এলাকায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ গোলাম রছুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদক ও সামাজিক অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও গ্রামবাসীর পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে। আলোচনা সভায় মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।