বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে দীদীমনি জুয়েলার্সে চুরির ঘটনায় ২৪ ঘণ্টা পার না হতেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও শনাক্তের সূত্র ধরে একজনকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। তবে এখনো চুরি হওয়া স্বর্ণালংকার, রূপার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। আটক ব্যক্তির নাম রাহেন মোল্যা (৫৫)। তিনি বাঘারপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সেলিম মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে চাড়াভিটা বাজারে অবস্থিত দীদীমনি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক জয়দেব দোকান খুলে রেখে কিছু সময়ের জন্য বাইরে গেলে এ সুযোগে চোরেরা দোকানের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, রূপার অলংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। দোকান মালিক জয়দেব জানান, চুরি হওয়া স্বর্ণালংকার, রূপার সামগ্রী ও নগদ অর্থের আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ টাকা। এ ঘটনায় তিনি বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ ও ব্যক্তিকে শনাক্তের সূত্র ধরে ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই রাহেন মোল্যাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি রাহেন মোল্যা (৫৫)। তবে এখনো চুরি হওয়া কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে চাড়াভিটা বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় দিনের বেলায় স্বর্ণের দোকানে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বাজারের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না এবং চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ কোথায় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।